ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগম নামে এক নারীকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার শিল্পী বেগম ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার নূর ইসলামের স্ত্রী। এর আগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। এ সময় একটি কাপড়ের ব্যাগের ভেতরে কসটেপ দিয়ে পেঁচানো দুটি ব্যাগে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিল্পী বেগমকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, শিল্পী বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার পিসিআর (পূর্ব অপরাধের রেকর্ড) যাচাই করে দেখা গেছে, এর আগে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম