নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারেক রহমান (২৮) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক একসময় মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। সেখানে মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে তিনি আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে জানান স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে মাদকের টাকার জন্য তারেক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তার বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যরা তারেকের হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে তাকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্য পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম