যোগফল প্রতিবেদক:
ভারতের রাজস্থান রাজ্যে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাজস্থানের কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পান তারা। দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। নিহতদের নাম অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সড়কের রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ২৭ জন যাত্রী ছিলেন। বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যামের উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম