রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদক মামলায় তাঁদের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন আদালত এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর পায়রা চত্বর এলাকার ‘স্কাই ভিউ’ হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের ওমর আলী ও দিনাজপুরের মিথুল ইসলাম। তাঁদের মধ্যে মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত। অন্যদিকে, ওমর আলী এর আগেও মাদকসহ আটক হয়েছিলেন এবং ওই ঘটনায় তিনি চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে স্কাই ভিউ হোটেলের একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখানে ওমর আলী ও মিথুল ইসলামকে পাওয়া যায়। পরে কক্ষ তল্লাশি করে খাটের নিচে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, আটক দুই পুলিশ সদস্যের একজন চাকরি থেকে বরখাস্ত রয়েছেন। অন্যজন রংপুর পুলিশ লাইন্সে কর্মরত। মাদক মামলায় তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম