নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর কথিত প্রেমিকের ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে হাকিম মোল্লা নামে ওই বাড়ির ভাড়াটিয়া পলাতক রয়েছেন।
নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের বাড়ির ভাড়াটিয়া হাকিম মোল্লার টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে বাড়ির মালিকের ছেলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিমের মরদেহ উদ্ধার করে। এর আগে গত ১৪ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহতের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিম মোল্লার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। এ সম্পর্কের বিরোধের জেরে নাদিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। হাকিম মোল্লা পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম