যোগফল প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’। তবে শুটিংয়ের বাকি কাজ শেষ না হওয়ায় ছবিটির নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে সিনেমাটি দেখতে শাকিবভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।
গত বছরের অক্টোবরে আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ডিসেম্বরে সিনেমাটি মুক্তির প্রাথমিক ঘোষণা দিয়েছিলেন নির্মাতা সাকিব ফাহাদ। কিন্তু নির্ধারিত সময় ঘনিয়ে এলেও ছবিটির শুটিং শেষ করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, কয়েকবার শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হলেও বাকি অংশের কাজ শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর ‘সোলজার’-এর শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা আর বাস্তবায়িত হয়নি।
পরে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান শাকিব। প্রায় দুই মাস সেখানে কাটিয়ে গত আগস্টে দেশে ফিরে ‘সোলজার’-এর বাকি অংশের শুটিং শেষ করার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত অভিনেতাকে ক্যামেরার সামনে দাঁড় করাতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
শুটিং বারবার পিছিয়ে যাওয়ার জন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যর্থতাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে শাকিব খানের ম্যানেজার মনির জামান গণমাধ্যমকে বলেন, ‘গত কয়েক বছরে শাকিবের কোনো ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই–তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি।’
এদিকে শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া সম্মানীর বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ অভিযোগ নাকচ করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী–কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’
মৌমিতা হোসাইনের ভাষ্য, খুব শিগগির শুটিং শেষ করে নতুন টিজারের মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষ দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। তবে দেশে ফিরেই আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনায় থাকা ‘নিঃস্ব’ সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন তিনি। নভেম্বরের শুরু থেকে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এরপর ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর শুটিংয়েও ব্যস্ত হওয়ার কথা রয়েছে তার।
এমন ব্যস্ত সময়সূচির মধ্যে ‘সোলজার’-এর বাকি নয় দিনের শুটিং কবে শেষ হবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশপ্রেম ও সমাজের ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। প্রযোজনায় রয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আরও রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম