যোগফল প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন একটি অরক্ষিত ভবনের ছাদ থেকে পড়ে পাঁচ শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে আল আমিন হোসেন নামে এক শিশুর অবস্থা গুরুতর। মাথা ফেটে যাওয়া ও হাত-পা ভাঙা অবস্থায় তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের বাগনগর মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিনের বাবা বিপ্লব হোসেন ও মা খাদিজা বেগম দুজনই পোশাকশ্রমিক। তারা ধামরাই পৌরসভার পাঠানটুলা মহল্লায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগনগর মডেল টাউন এলাকায় সাইদুর রহমান একটি বহুতল ভবন নির্মাণ করছেন। ভবনটিতে কোনো নিরাপত্তাবেষ্টনী নেই। ছাদে ওঠার সিঁড়িও অরক্ষিত এবং ছাদের চারপাশে কোনো সুরক্ষাবেষ্টনী নেই।
শুক্রবার আল আমিনসহ সাত শিশু ওই ভবনের ছাদে খেলাধুলা করছিল। এ সময় পাঁচ শিশু ছাদ থেকে নিচে পড়ে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, নিরাপত্তাবেষ্টনী ছাড়া ভবন নির্মাণের নিয়ম নেই। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম