যোগফল প্রতিবেদক:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের খুজদার এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখার তথ্য অনুযায়ী, খুজদার জেলা থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ভূমিকম্পের কম গভীরতার কারণে খুজদার ও আশপাশের খারান এবং কালাত জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।
প্রায় ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের বেলুচিস্তান প্রদেশটি তিনটি প্রধান টেকটোনিক প্লেট—ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও অ্যারাবিয়ান প্লেটের সক্রিয় সংযোগস্থলের কাছে অবস্থিত। এ অঞ্চলে প্লেটগুলোর পারস্পরিক নড়াচড়া ও ভূতাত্ত্বিক চ্যুতির কারণে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম