যোগফল প্রতিবেদক:
বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মার বিরুদ্ধে বিয়ের ও অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন ‘সাইনি রিসোর্টে’ এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, রিসোর্টটির মালিক শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে তাঁকে বিয়ে ও অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবারও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে সাইনি রিসোর্টে নিয়ে যান শৈক্যচিং মার্মা। একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের খবর দেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করেন এবং শৈক্যচিং মার্মাকে আটক করে থানায় নিয়ে যান। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা করেন।
এদিকে স্থানীয় বাসিন্দা নুরুল আলম অভিযোগ করেন, পাহাড় কেটে কোনো ধরনের অনুমোদন ছাড়াই রিসোর্টটি নির্মাণ করেছেন শৈক্যচিং মার্মা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্মিত ওই রিসোর্টে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল বলেও দাবি করেন তিনি।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম