বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মহাসড়কের বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু মাঝি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ রোমান জানান, সকালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই চালক অপু মাঝি নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম