নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১০৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত ব্যক্তি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত মোট ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ফতুল্লা মডেল থানায় ৪৭ জন, বন্দর থানায় ১৮ জন, সোনারগাঁ থানায় ১৭ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৫ জন এবং সদর মডেল থানায় ছয়জন রয়েছেন। এ ছাড়া রূপগঞ্জ ও আড়াইহাজার থানা থেকে একজন করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম