চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড়ের চান্দার বাড়ি মহিউদ্দিন কলোনী এলাকায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে অভিযুক্তের স্ত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আজম (৩০) ও তার স্ত্রী শাহিনা আক্তার (২২)। তারা ওই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, শিশুটির বাবা গাড়িচালক এবং মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। দুজনই কর্মজীবী হওয়ায় মেয়েকে দেখাশোনার জন্য তারা মাসিক পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে শাহিনা আক্তারের বাসায় রেখে যেতেন।
গত ৪ সেপ্টেম্বর শিশুটির মা অস্ত্রোপচারজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার আগে মেয়েকে শাহিনার বাসায় রেখে যান। ৮ সেপ্টেম্বর চিকিৎসা শেষে বাড়ি ফিরে শিশুটিকে নিজেদের কাছে নিয়ে আসেন তারা। এরপর শিশুটি অনবরত কান্নাকাটি করতে থাকলে তার মা পরীক্ষা করে শরীরে ক্ষতস্থান দেখতে পান।
বিষয়টি শিশুটির মা তার স্বামী ও প্রতিবেশীদের জানান। পরে স্থানীয় লোকজন আজম ও শাহিনার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আজম শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে অভিযোগ উঠেছে।
শিশুটির বাবা বলেন, ‘আমরা দুজনই চাকরিজীবী হওয়ায় মেয়েকে ঠিকমতো দেখাশোনার জন্য মাসিক পাঁচ হাজার টাকা খোরাকির ভিত্তিতে তাদের বাসায় রেখে আসতাম। শিশুটির ভালো করার পরিবর্তে এখন খারাপটা হয়ে গেল। আমরা এখন পরিবারসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি।’
এ ঘটনায় শিশুটির মা অভিযুক্ত আজম এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে তার স্ত্রী শাহিনা আক্তারকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেছেন।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, স্থানীয় লোকজন আজমকে মারধর করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শে ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে আদালতে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম