অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইতালির ভেনিস প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশের একটি বিশেষ শাখা।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইতালির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’ এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওরিয়ন্তি’ বিভাগে নির্বাচিত রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে ভেনিসে অবস্থান করছেন অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকায় তিনি শারীরিক হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছেন বাঁধন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করেন।
‘ইল গাজ্জেত্তিনো’র প্রতিবেদনে আরও বলা হয়, বাঁধনের ওপর হামলার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভেনিস পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে তদন্ত চলছে।
এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে শারীরিক লাঞ্ছনা ও হামলার অভিযোগ তুলে ধরেন বাঁধন। এ ঘটনায় ইতালিপ্রবাসী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি।
লাইভে বাঁধন বলেন, ‘এখানে আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে একদল প্রবাসী বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি-কোল্ডড্রিংকস ছুড়ে মেরেছে।’
ঘটনার সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট সন্তান ভয় পেয়ে চিৎকার করছিল বলেও জানান তিনি।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তুলেছেন, ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন এবং কানের পাশে আঘাত করেছেন। তাকে ‘জুলাই যোদ্ধা’ বলেও কটূক্তি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘তারা আমাকে জুলাইযোদ্ধা বলেছে। আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন বাঁধন। এ সময় তারা ভিডিও ধারণ ও লাইভ করছিলেন বলে জানান তিনি।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে বাঁধন বলেন, ‘আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’
এদিকে বাঁধনের ওপর হামলার অভিযোগ ঘিরে দেশের শিল্পাঙ্গনে প্রতিবাদের ঝড় উঠেছে। অনেক অভিনেতা-অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
ঘটনার একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী পরী মণি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল এক পোস্টে লিখেছেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’
অভিনেত্রী জাকিয়া বারী মম বাঁধনকে হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঘটনার প্রতি ঘৃণা প্রকাশ করেন। পরবর্তী এক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ ও অসন্তোষ জানান তিনি।
ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির বলেন, দেশের বাইরে চলচ্চিত্র ও মাতৃভূমির প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পীকে অপমান, হয়রানি ও আতঙ্কের মুখে পড়তে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ছাড়া অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও ঘটনার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে তারা প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশে ও বিদেশে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম