ইতালিতে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দেশটির বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের প্রামাণিক বাড়ির নশু প্রামাণিকের একমাত্র সন্তান।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় সাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন শরিফুল। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। পরে তার মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে মাত্র কয়েক মাস আগে ইতালিতে পাড়ি জমান শরিফুল। তিনি নাপোলির ভিল্লে লিতেরনো এলাকার একটি সরকারি আশ্রয়ক্যাম্পে বসবাস করতেন।
এদিকে, নিহত শরিফুলের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জানিয়েছেন, স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে।
তরুণ বয়সে শরিফুলের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম