যোগফল প্রতিবেদক:
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া সাত দিনের শান্তি প্রস্তাব এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, প্রস্তাবের শর্ত মেনে নিলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং সপ্তম দিন থেকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। খবর আল জাজিরার।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় আরাঘচি জানান, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ইরান এরই মধ্যে সাত দিনের পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত এখন পুরোপুরি ওয়াশিংটনের হাতে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে হরমুজ প্রণালির কাছে একটি টাগবোটে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। এ ছাড়া ইয়েমেন উপকূলের কাছে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার লক্ষ্য করে সশস্ত্র হামলাকারীরা গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, রাজধানী রিয়াদের আকাশে একাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের নাজরান অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির দুই সেনাসদস্য নিহত হয়েছেন।
এদিকে, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে দেশটির পার্লামেন্ট মেহেরদাদ আখলাঘি কিতাবচিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম