যোগফল প্রতিবেদক:
টালিউডের একসময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। প্রেম, বিচ্ছেদ থেকে শুরু করে দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে পর্দায় ফেরা—সব মিলিয়ে এই জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। পূজায় মুক্তি পেয়েছে তাঁদের অভিনীত সিনেমা ‘দেশু ৭’। ছবিটি ঘিরে দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই দেবের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
‘দেশু ৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শুভশ্রীকে নিয়ে মজার ছলে কথা বলেন দেব। তিনি বলেন, “আমার পর যদি শুভশ্রীকে কারও সঙ্গে ভালো লাগে, তাহলে সেটি জিৎ। অবশ্যই আমার পর। সরি জিৎদা, আই লাভ ইউ টু।” দেবের মুখে এমন কথা শুনে মঞ্চে লজ্জায় লাল হয়ে যান শুভশ্রী গাঙ্গুলি।
এদিকে, ‘দেশু ৭’-এর প্রথম দিনের প্রথম শোয়ের পরই আরেকটি বড় ঘোষণা দেন দেব। অভিনেতা জানান, জিৎকে সঙ্গে নিয়ে সিনেমা করার পরিকল্পনা রয়েছে তাঁর। বড় বাজেটের এই সিনেমা নিয়ে দর্শকদের জন্য ধামাকা অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের পূজায় বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে টালিউডের দুই সুপারস্টার দেব ও জিৎকে।
দেব ও শুভশ্রীর পুরোনো সম্পর্ক নিয়ে ‘দেশু ৭’ মুক্তির আগে থেকেই নানা আলোচনা চলছে। একসময় পর্দার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কাছাকাছি ছিলেন এই দুই তারকা। তবে সময়ের সঙ্গে দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন।
শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে জড়ান দেব। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্কের কথা বিনোদন অঙ্গনে আলোচিত। দেবের একাধিক সিনেমায়ও অভিনয় করেছেন রুক্মিণী।
অন্যদিকে, দেবের সঙ্গে বিচ্ছেদের পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সংসার করছেন এই তারকা দম্পতি।
‘দেশু ৭’ মুক্তির আগে দেবের সঙ্গে শুভশ্রীর ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি তাঁদের সম্পর্কের কারণে শুভশ্রীর সংসারে টানাপোড়েন তৈরি হয়েছে বলেও আলোচনা হয়। তবে এসব জল্পনার মধ্যে রাজ চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে ঘিরে ভালোবাসাপূর্ণ বার্তা দেন।
ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিনে শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়ে রাজ তাঁর পরিবারের প্রতি শুভশ্রীর অবদানের কথা তুলে ধরেন। স্ত্রীকে সন্তানদের মা হিসেবে উল্লেখ করে পরিবারের সবাইকে আগলে রাখার জন্য তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম