ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) বিএনপির সাংগঠনিক অবস্থান আরও সুসংহত করার ওপর জোর দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ফরিদপুরের এই অঞ্চলে বিএনপিকে আরও সুসংগঠিত করে সামনে এগিয়ে নিতে হবে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা থেকে চরভদ্রাসন উপজেলায় আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ভাঙ্গায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে সৌজন্য আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা চাই ফরিদপুরের এই অঞ্চলে বিএনপি যেন সুসংগঠিত হয়ে আরও অনেক দূর এগিয়ে যায়।’
তিনি আরও বলেন, দেশের কিছু কিছু এলাকায় বিএনপির শক্ত অবস্থান থাকা সত্ত্বেও নির্বাচনে প্রত্যাশিত ফল পাওয়া সম্ভব হয়নি। তবে ফরিদপুর-৪ আসনটি রাজনৈতিকভাবে জটিল ও স্পর্শকাতর হওয়া সত্ত্বেও বাবুল ভাইয়ের নেতৃত্বে সেখানে সফলতা অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
যাত্রাবিরতিকালে ফরিদপুর জেলা বিএনপি, ভাঙ্গা উপজেলা বিএনপি এবং দলের সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা কৃষক দলের সদস্যসচিব মুরাদ হোসেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সুবহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী ও সোহেল মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিট্টু, পৌর বিএনপি নেতা মনিরুজ্জামান মনি মুন্সী এবং দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন।
এ ছাড়া যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম