হিন্দু যুবক পরিচয়ে জাপানপ্রবাসী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ লাখ টাকা, মোটরসাইকেল ও আইফোন আত্মসাতের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ভুক্তভোগীর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নালিতাবাড়ীর আড়াইআনি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে মিজানুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানপ্রবাসী হিন্দু নারী লিমা সাহার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জান্নাতুল নাঈম ওরফে অন্তর সরকার ধ্রুবর বিষয়ে জানতে পারেন তিনি। তাঁর অভিযোগ, জান্নাতুল নাঈম বিবাহিত মুসলিম যুবক হলেও লিমা সাহার কাছে নিজেকে অবিবাহিত হিন্দু যুবক ‘অন্তর সরকার ধ্রুব’ হিসেবে পরিচয় দেন।
মিজানুর রহমানের দাবি, অভিযুক্ত ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের ছবি সম্পাদনা করে হিন্দু যুবকের পরিচয়ে লিমা সাহার কাছে পাঠান। এভাবে তাঁর বিশ্বাস অর্জনের পর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ১৮ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি আইফোন নেন। এ-সংক্রান্ত কিছু প্রমাণ সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয় বলে জানান তিনি।
মিজানুর রহমান বলেন, টাকা নেওয়ার পর অভিযুক্ত ব্যক্তি লিমা সাহার কাছে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। এতে তাঁর সন্দেহ হলে তিনি বিষয়টি মিজানুর রহমানকে বিস্তারিত জানান।
ভুক্তভোগীর অনুরোধে গত ২২ সেপ্টেম্বর অভিযুক্ত জান্নাতুল নাঈম ওরফে অন্তর সরকার ধ্রুবকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে নালিতাবাড়ীতে ডেকে নেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সেখানে লিমা সাহার বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত প্রতারণার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন মিজানুর রহমান। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে টাকা ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জামানত হিসেবে রেখে বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিখিত দেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
তবে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত না দিয়ে উল্টো মিজানুর রহমানকে হুমকি দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে জাপান থেকে মুঠোফোনে ভুক্তভোগী লিমা সাহা ঘটনার সত্যতা তুলে ধরে সুষ্ঠু বিচার দাবি করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত জান্নাতুল নাঈমের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম