লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণ ও মারধরের অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে আটক করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবলীগ নেতা মেজবাহ উদ্দিনকে উদ্ধার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর শহরের বালিকা বিদ্যানিকেতন এলাকার মাঠ থেকে মেজবাহ উদ্দিনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেনকে আটক করে পুলিশ। তবে তার সঙ্গে থাকা আরও ১০ থেকে ১২ জন পালিয়ে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, শহরের ঝুমুর মোড়ে একটি বাস থেকে মেজবাহ উদ্দিনকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।
মেজবাহ উদ্দিন রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য। তিনি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। অন্যদিকে আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ভুক্তভোগীর ভাষ্যমতে, তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বাস থেকে নামিয়ে বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে যাওয়া হয়। পরে অভিযুক্তরা তাকে মারধর করেন এবং গণপিটুনি দেওয়ার চেষ্টা করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, জামালকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম