রাজশাহীর কাশিয়াডাঙ্গায় একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে নগরীর আদুবুড়ি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এসব বিস্ফোরক কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল, তা জানা যায়নি।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায় ব্যাটালিয়নের সিপিএসসি ইউনিটের একটি দল। এ সময় সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি সিমেন্টের বস্তা তল্লাশি করে হাতে তৈরি ১০৩টি ককটেল পাওয়া যায়।
উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল স্কচটেপে এবং ৩৯টি কালো স্কচটেপে মোড়ানো ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে সেগুলো জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে এসব ককটেল কারা মজুত করেছিল, কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম