গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. লালচান (৬০), মোছা. নাসিমা বেগম (৫০) ও মোছা. তানিসা আক্তার (১৬)।
জানা গেছে, বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া শুরু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে একই পরিবারের দুই নারীসহ তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসা আক্তারের ৮৬ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে গ্যাস লিকেজ থেকে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা বিস্তারিতভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম