কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা বেগম (৬২) নামে এক বৃদ্ধা শাশুড়িকে মারধর করে অচেতন করার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ লিমা আক্তারের (২১) বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক লিমা আক্তার ওই বাড়ির আবু ইউসুফ ভূট্টোর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ি আরজিনা বেগম ও পুত্রবধূ লিমা আক্তারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লিমা তার শাশুড়িকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে আরজিনা বেগম জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে এলে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে লিমা আক্তারকে আটক করা হয়। একই সঙ্গে আহত আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে। আহত শাশুড়িকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম