চাঁদপুরের ফরিদগঞ্জে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা। এ সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশন ও সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান (মানিক) বলেন, দেশের গণমাধ্যম অঙ্গনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাহসী সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে এগিয়ে চলছে দৈনিক কালবেলা।
তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদপত্র সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, জনসচেতনতা ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে কালবেলা ভবিষ্যতেও মানুষের আস্থা অর্জন করে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালবেলার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল কাদির।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান এবং সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল মানিক।
বক্তারা বলেন, একটি সংবাদপত্রের সাফল্য কেবল প্রকাশনার ধারাবাহিকতায় সীমাবদ্ধ নয়; বরং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনমানুষের কথা তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার মধ্যেই এর প্রকৃত সার্থকতা নিহিত। সংবাদ পরিবেশনা ও সমসাময়িক বিষয় তুলে ধরার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পাঠকমহলে নিজস্ব অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণে পত্রিকাটির ইতিবাচক ভূমিকা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মো. মহিউদ্দিন ও মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক ইমাম হোসেন সৌরভ ও রুহুল আমিন খান স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, অর্থ সম্পাদক আক্তার হোসাইন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, আইসিটি সম্পাদক ফাহাদ খান এবং সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মামুনূর রশিদ পাঠান, প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, এস এম ইকবাল, শিমুল হাসান, আনিছুর রহমান সুজন, সাংবাদিক মামুন হোসাইন, ফখরুল আলম পাঠান, শামীম হাসান, এফ এ মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু ও মো. জসিম উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম