শোয়েব হোসেন | যোগফল প্রতিবেদক
দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংক-বীমা ও অর্থনীতিবিষয়ক সংবাদ পরিবেশনে দীর্ঘ ১৯ বছরের পথচলা পেরিয়ে ২০ বছরে পদার্পণ করতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক দৈনিক ‘দৈনিক বিজনেস ফাইল’।
এ উপলক্ষে আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপির। উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ফজলুল রহমান, এমপির। এ ছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পত্রিকাটির সম্পাদক ও বাংলা একাডেমির আজীবন সদস্য অভি চৌধুরী বলেন, পাঠক ও শুভানুধ্যায়ীদের আস্থা পত্রিকাটির প্রধান শক্তি। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল অর্থনৈতিক সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার রয়েছে তাঁদের।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির পক্ষ থেকে একটি বিশেষ স্মারক ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন পত্রিকাটির দীর্ঘ পথচলা উদ্যাপনের পাশাপাশি অর্থনৈতিক সাংবাদিকতার অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।