বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী এবং বেলজিয়ামের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে চলা বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার কয়েক শ মানুষ রাস্তায় নামেন। বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ। তারা শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের প্রতিবাদ জানান।
একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করলে অনেকে দৌড়ে পালানোর সময় মাটিতে পড়ে যান। এ সময় পুলিশের এক সদস্যকে একজন বিক্ষোভকারীকে লাঠি দিয়ে আঘাত ও লাথি মারতে দেখা যায়।
অন্যদিকে, বিক্ষোভকারীরা রাস্তার সাইনবোর্ডসহ বিভিন্ন জিনিস ভাড়া করা স্কুটার ও সাইকেলের স্তূপের ওপর ফেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অন্য একটি ঘটনাস্থলেও পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে জানিয়েছে বেলজিয়ামের কয়েকটি সংবাদমাধ্যম।
তবে দিনের শেষ দিকে ব্রাসেলস পুলিশ এক বিবৃতিতে জানায়, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনশৃঙ্খলা বজায় রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে পাঁচজনকে সাময়িকভাবে আটক করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ অস্ত্র রাখা ও দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে আরও চারজনকে আটক করা হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম