নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সদস্যসহ ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী, ৪৫ জন মাদকসেবী, বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২০ জন, তিনজন ছিনতাইকারী, নিয়মিত মামলার ছয়জন আসামি, অন্যান্য ধারায় ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পাঁচজন সদস্য রয়েছেন।
পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে পাঁচ গ্রাম হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩৬ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী, চারজন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে।
বন্দর থানা পুলিশের অভিযানে সাতজন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন এবং অন্যান্য ধারায় ছয়জনসহ মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।
সোনারগাঁ থানা পুলিশ ১৪ জন মাদকসেবী, দুজন ছিনতাইকারী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী, একজন ছিনতাইকারী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আড়াইহাজার থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন ও নিয়মিত মামলার চার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে জেলা পুলিশ নিয়মিত কাজ করছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম