ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।
কসবা থানা সূত্রে জানা গেছে, শনিবার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ করছিলেন শামিম। বিকেলে কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখেন তিনি। পরে কৌতূহলবশত সেগুলো তুলে নেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চট্টগ্রামে আরআরএফে কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য শামিমের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং শামিমকে আটক করে।
ওসি আরও জানান, এ ঘটনায় শামিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম