গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাবা ও মেয়ে একটি অটোভ্যানে করে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও মেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম