কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, চুরি মামলার আসামি ও জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ১০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে ও রোববার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর এলাকায় উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ১০ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আনোয়ার হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রোববার উপপরিদর্শক রফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে চুরি মামলার তদন্তে পাওয়া আসামি ইয়াছিন মিয়া প্রকাশ সুজন (২০) এবং জিআর পরোয়ানাভুক্ত হানু মিয়া (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, উপপরিদর্শক জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে এনামুল (৩২) ও মাহাবুব আলম (৪৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম