গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ (৩০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ওই নারীর আপত্তিকর ভিডিও ধারণ করেন শিক্ষক আবু সাঈদ। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রথম দফায় ওই নারীর কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা আদায় করেন তিনি। পরবর্তী সময়ে আরও ৮০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) রাত ৩টার দিকে ওই টাকা নিতে গেলে স্থানীয় লোকজন আবু সাঈদকে আটক করে মারধর করেন। এতে তার মাথায় আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ ভোর ৫টার দিকে ঘটনাস্থল সম্পর্কে জানতে পারে। পরে আহত শিক্ষকের চিকিৎসার ব্যবস্থা করা হয় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা কাশেম বলেন, ওই নারীর সঙ্গে মাদ্রাসাশিক্ষক আবু সাঈদের সম্পর্ক ছিল। এ ঘটনায় পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম কালবেলাকে বলেন, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ করলে আবু সাঈদকে রোববার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম