জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান উদয়কে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক বায়োজিদ আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো চিঠিতে বলা হয়, বকশীগঞ্জ উপজেলার ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান উদয়কে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, ‘আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এর আগে, রোববার দুপুরে আমানুল্লাহ আমান উদয়কে ২১৭ বোতল বিদেশি মদসহ আরও চারজনের সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম