লেখক: মোঃ মাহাবুবুর রহমান
মিথ্যা এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। প্রযুক্তির বিস্তারে মিথ্যা আরও সহজলভ্য হয়েছে। মানুষ তার অতি আপনজনের সাথেও আজ মিথ্যার আশ্রয় নিচ্ছে। মনে হয়, মিথ্যা কথা না বললে যেন অনেকের পেটের ভাতই হজম হয় না।
কথাবার্তা, ব্যবসা-বাণিজ্য, চাকরি, পরিবার — সবখানেই মিথ্যার ছড়াছড়ি। অথচ আমরা ভুলে যাই, মিথ্যা ইহকাল ও পরকাল দুটোই ধ্বংস করে দেয়।
মিথ্যা বলতে বলতে একসময় মানুষের বিশ্বাসটাই উঠে যায়। আপনি যদি চাকরিজীবী হন, মিথ্যার জন্য আপনার চাকরি চলে যেতে পারে, প্রমোশন-ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি ব্যবসায়ী হন, মিথ্যার জন্য বড় লোকসানের মুখে পড়তে পারেন, ব্যবসায়ী হিসেবে ব্যর্থ হয়ে যেতে পারেন।
পারিবারিক জীবনেও মিথ্যার পরিণতি ভয়াবহ। একজন মিথ্যাবাদী পিতাকে তার সন্তানরা ভুল বুঝে বৃদ্ধ বয়সে ফেলে দিতে পারে। একজন মিথ্যাবাদী শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছে সম্মান হারান। একজন সমাজপতিকে তার অনুসারীরা ছেড়ে চলে যায়। স্বামী-স্ত্রীর পবিত্র সংসার পর্যন্ত মিথ্যার কারণে ভেঙে যেতে পারে।
আমার কাছে মনে হয়, মিথ্যা রাইফেল বা বন্দুকের গুলির চেয়েও মারাত্মক। গুলির আঘাত শরীরে লাগে, আর মিথ্যার আঘাত লাগে বিশ্বাসে, সম্পর্কে, সম্মানে — যা সারাজীবনের অর্জন নষ্ট করে দেয়।
আমাদের করণীয়:
তাই আসুন, আমরা একটি সংকল্প করি — "আমি মিথ্যা বলব না।"
এটা শুধু মুখের কথা নয়, হোক মনের সংকল্প। আমার কল্পনায়, চিন্তায়, ইচ্ছায় কোথাও যেন মিথ্যা না থাকে। আমি যেন ভুলেও একজন মিথ্যাবাদী হিসেবে কোথাও পরিগণিত না হই।
শুধু নিজে মিথ্যা ছাড়লেই হবে না। আমার পরিবারে, সমাজে, বন্ধু-বান্ধবের মধ্যে যদি কোনো মিথ্যাবাদী থাকে, তাকে ভালোবেসে সংশোধন করতে হবে। তাকে বোঝাতে হবে — মিথ্যা বলা, মিথ্যা কাজ করা সম্পূর্ণ হারাম। এতে দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট হয়।
সত্য কঠিন হতে পারে, কিন্তু সত্যই মুক্তি আনে। মিথ্যা সহজ, কিন্তু মিথ্যাই বন্দি করে। আসুন, সত্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করি।