ঢাকার ধামরাইয়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের ফসলি জমিতে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান আব্দুর রহমান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে শহীদুল ইসলাম জানান, দুপুরে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তার বাবা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম