রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। অভিযানে ৮৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।
ডিবি সূত্রের বরাতে জানা গেছে, ওই বাড়িতে ডিজে পার্টির আয়োজনের পাশাপাশি মাদকের আসর বসত। দীর্ঘদিন ধরে সেখানে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলার অভিযোগে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে সেখানে অভিযান চালানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত।
তাঁর বাড়িতে মাদকের কারবারের অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে জানতে আবদুল্লাহ আল জহিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম