পাবনার আতাইকুলায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) এবং একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন হোসেন (৪০)। আব্দুস সালাম পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। আর রিপন হোসেন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং সালামের সহযোগী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আতাইকুলার পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের একটি ব্যবসায়িক অফিস রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অফিসে সালাম ও রিপন বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫ থেকে ৭ জনের একটি দুর্বৃত্ত দল সেখানে এসে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে গুলি করতে করতে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা সালাম ও রিপনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রদীপ কুমার সাহা। তিনি বলেন, ৫ থেকে ৭ জনের একটি দুর্বৃত্ত দল গুলি করতে করতে সালামের অফিসে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম