সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশের ভ্যানের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. আশরাফুল ইসলাম সোহাগ (২৮) এবং রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বুধবার ভোরে মহাসড়কে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুই যুবলীগ কর্মীকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় এবং ছাত্রলীগ কর্মী সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। ওই দিন অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পুলিশের ভ্যানের সামনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম