পিরোজপুরের কাউখালীতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ব্যস্ততম দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এ সময় আইন অমান্য করে ফুটপাত দখল করায় প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ বাজারের কিছু ব্যবসায়ী ফুটপাতের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। ফলে কাউখালী বন্দরের সংকীর্ণ সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে।
অভিযান শেষে ইউএনও রেহেনা আক্তার বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে ফুটপাতের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা না করেন। কেউ পুনরায় ফুটপাত দখল করলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম