গাজীপুরে মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ অবরোধ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সম্প্রতি মাদ্রাসার পাশের সিএনজি পাম্পের সামনে সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির গুরুতর আহত হন। মাদ্রাসা ছুটির পর সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। মাদ্রাসার সামনে সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয়। নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কয়েক ঘণ্টা ধরে সড়ক অবরোধ চলায় মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, যাত্রী ও পরিবহনচালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম ও টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।
শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম