কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ ব্যবস্থার কারণে বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার আশঙ্কায় এক দিনেই ৫১ হাজার কোটি ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারের দর ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। খবর বিবিসির।
বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে অ্যালফাবেটের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে বিজ্ঞাপন খাতের আয় বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের কথোপকথনভিত্তিক এআই সার্চ সুবিধা ‘এআই মোড’ প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয়ে প্রভাব ফেলছে। ব্যবহারকারীরা সরাসরি এআইয়ের কাছ থেকে উত্তর পাওয়ায় প্রচলিত সার্চ বিজ্ঞাপনের আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে এআইভিত্তিক সার্চ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিন্ডলার। তিনি বলেন, প্রতিষ্ঠানটির অগ্রগতির ধারা নিয়ে তিনি সন্তুষ্ট।
এআইয়ের দ্রুত বিস্তারে মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুগলের দীর্ঘদিনের আধিপত্যও চ্যালেঞ্জের মুখে পড়েছে। লাখো মানুষ এখন চ্যাটজিপিটি ও ক্লডের মতো এআই প্রোগ্রাম ব্যবহার করছেন।
গুগলের বিজ্ঞাপন ব্যবসার সাবেক প্রধান কিম স্কট বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, অন্য কোনো প্রতিষ্ঠান গুগলের ব্যবসার জায়গা দখল করার আগেই নিজেদের এআই সারাংশের মাধ্যমে প্রচলিত সার্চ আয়ের ক্ষতি মেনে নিতে প্রস্তুত গুগল। তাঁর মতে, অন্য কাউকে নিজেদের ব্যবসা দখল করতে দেওয়ার চেয়ে গুগল নিজেই ব্যবসায় পরিবর্তন আনতে চায়।
স্কট আরও বলেন, দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত বিনিয়োগের ঝুঁকি নেওয়ার ধারণার ওপরই গুগলের প্রতিষ্ঠা। তাই স্বল্পমেয়াদে ক্ষতি হলেও এআই খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি বলে তিনি মনে করেন।
বুধবার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার অ্যালফাবেটের শেয়ারের দর ১২ শতাংশের বেশি কমে যায়। দিনের শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য আগের দিনের ৩ লাখ ৯৭ হাজার কোটি ডলার থেকে কমে ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়।
গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেন, গুগলের সার্চ ব্যবসার হতাশাজনক ফলাফল দেখিয়েছে, প্রতিষ্ঠিত ব্যবসার শক্তি ধরে রাখার পাশাপাশি এআই খাতে বিপুল বিনিয়োগের অর্থ জোগাড় করা কতটা কঠিন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম