ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি বলেছেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, ‘ক্যাঙারু নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছে, সেখানে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং নির্বাচনি এজেন্ট ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখেছেন, নির্বাচনে কীভাবে জালিয়াতি করা হয়েছে। নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
জামায়াতের এই প্রার্থী বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোরপূর্বক যে ফল তৈরি করা হয়েছে, তা দেশের গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায়। অনতিবিলম্বে এসব সহিংসতা বন্ধ করে অনিয়মে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।’
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম