পলাতক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোর শহরে ঝটিকা মিছিল করেছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (১ নভেম্বর) শহরের লালদিঘির পাড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর জেলা যুবলীগের উদ্যোগে লালদিঘির পাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের পাইপ পট্টি এলাকার হাজি সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
সূত্র জানায়, আত্মগোপনে থাকা হাজি মো. আলমগীর কবির সুমনের নির্দেশনায় ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক ছাত্রনেতা শেখ শহীদের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে বেশ কয়েকজন নারী-পুরুষ অংশ নেন।
সরকার পতনের পর নিষিদ্ধ সংগঠনের এমন আকস্মিক কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কবির হোসেন বলেন, বিষয়টি পুলিশও জানতে পেরেছে। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঝটিকা মিছিলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম