লক্ষ্মীপুর সদর উপজেলায় ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়ে হোসেন মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম। মোটরসাইকেল নেওয়ার ১৩ দিন পরও ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া ওই এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে দর্জির ব্যবসা করতেন।
নিহতের পরিবারের দাবি, সাইফুল ইসলামের মোটরসাইকেল নিয়ে শাকিল ফেরত দিচ্ছিলেন না। মোটরসাইকেলটি ফেরত চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে শাকিল ও তার লোকজন সাইফুল এবং তার বাবা হোসেনকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে হোসেনের মৃত্যু হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুলের ব্যবহৃত মোটরসাইকেলটি কিছুক্ষণের জন্য নেন শাকিল। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বললেও ১৩ দিন পার হয়ে যায়। রোববার রাতে সাইফুল ও তার বাবা হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলটি আনতে শাকিলের কাছে যান। এ সময় মোটরসাইকেল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাকিলসহ তার লোকজন তাদের ওপর হামলা চালান।
এতে হোসেন ও সাইফুল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম রনি বলেন, হোসেন নামে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম