লক্ষ্মীপুর সদর উপজেলায় ধার নেওয়া মোটরসাইকেল ১৩ দিনেও ফেরত না দেওয়ায় তা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে হোসেন মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম।
রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া ওই এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে দর্জির ব্যবসা করতেন।
নিহতের পরিবারের দাবি, সাইফুলের মোটরসাইকেল নিয়ে শাকিল ফেরত দিচ্ছিলেন না। মোটরসাইকেলটি ফেরত চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে শাকিল ও তার লোকজন সাইফুল এবং তার বাবা হোসেনকে মারধর করেন। এতে হোসেনের মৃত্যু হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুলের ব্যবহৃত মোটরসাইকেলটি কিছুক্ষণের জন্য নেন শাকিল। এরপর বারবার ফেরত দেওয়ার কথা বললেও ১৩ দিন পার হয়ে যায়। রোববার রাতে সাইফুল ও তার বাবা হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলটি আনতে শাকিলের কাছে যান। এ সময় মোটরসাইকেল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাকিলসহ তার লোকজন হোসেন ও সাইফুলের ওপর হামলা চালান।
এতে হোসেন ও সাইফুল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম