ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অভিযানে ১১টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে উচ্ছেদ হওয়া দোকানমালিকদের পুনর্বাসনের জন্য আলাদা দোকান বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
অভিযান শেষে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনালটি সংস্কার ও পাকা করতে সিটি করপোরেশন উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছে। এরপরও জায়গার সংকটে টার্মিনালের ভেতরে পর্যাপ্ত বাস রাখা সম্ভব হচ্ছে না। ফলে অনেক বাস মূল সড়কে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে। এতে যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধান এবং বাস রাখার জায়গা বাড়াতেই ১১টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, কাউকে পুনর্বাসন না করে উচ্ছেদ করা হচ্ছে না। যেসব দোকানমালিকের বৈধ কাগজপত্র রয়েছে, তাদের প্রত্যেককে আলাদা দোকান বুঝিয়ে দেওয়া হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার পরই আগের দোকানগুলো সরানো হচ্ছে। বাস টার্মিনালটি যানজটমুক্ত ও যাত্রীদের জন্য নিরাপদ করাই সিটি করপোরেশনের লক্ষ্য।
সিটি প্রশাসক আরও বলেন, বাস টার্মিনালে শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। শ্রমিকদের বিশ্রাম ও ঘুমানোর জন্য জায়গা, গোসলখানা এবং শৌচাগার নির্মাণের কাজ চলছে। পাশাপাশি টার্মিনালে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। পুরো টার্মিনালের মেঝে পাকা করা হয়েছে এবং চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
যাত্রীদের সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের জন্য আলাদা ও আধুনিক অপেক্ষাকক্ষ তৈরি করা হয়েছে। সেখানে শিশুদের নিয়ে নির্বিঘ্নে অপেক্ষা করার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি টার্মিনালের দুই পাশে বাগান ও বসার ব্যবস্থা করা হবে, যাতে যাত্রী ও পরিবহনশ্রমিকেরা বিশ্রাম নিতে পারেন।
সিটি করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে সংশ্লিষ্ট দোকানমালিকদের স্থাপনা সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সিটি করপোরেশন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম