বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জেলে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হোসেন কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন। আহতরা হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারাও একই এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক বলেন, সোমবার দুপুরে ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে রওনা হন। রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। অন্য পাঁচজন সামান্য আহত হয়েছেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন বলেন, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আহত পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম