বগুড়ার সান্তাহারে ‘বিসমিল্লাহ হোটেল’ নামে একটি রেস্তোরাঁয় মুরগির চাপ ও গ্রিল খেয়ে সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ভুক্তভোগীদের পক্ষে আবু সাইফ নিহাদ ও আবু হামজা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার স্টেশন রোড এলাকার ‘বিসমিল্লাহ হোটেলে’ ছয়জন মুরগির চাপ ও গ্রিল খান। খাওয়া শেষে তারা আরও একজনের জন্য খাবার পার্সেল করে নিয়ে যান। খাবার খাওয়ার পরপরই তাদের সবার পেটে ব্যথাসহ শারীরিক নানা সমস্যা দেখা দেয়।
একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে সাতজনকেই নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অভিযোগকারী দুজন কিছুটা সুস্থ হয়ে উঠলেও বাকি পাঁচজনের অবস্থার অবনতি ঘটে। পরে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
রেস্তোরাঁর খাবার খেয়ে এমন অসুস্থতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। পাশাপাশি অভিযোগটি তদন্ত করে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম