চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি এলজি বন্দুক, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
মিরসরাই থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা-পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওশাদ আলমের কাছ থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলম নামে এক যুবককে আটক করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম