অবশেষে হবিগঞ্জ জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে উদ্ধার করা ১৩৭টি বিষধর ও নির্বিষ সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত বন বিভাগের কার্যালয়ে সাপগুলো হস্তান্তর করা হয়। এগুলো গ্রহণ করেন প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।
রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, সাপের সংখ্যা বেশি হওয়ায় এগুলো রেমা-কালেঙ্গা, সাতছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যসহ বিভিন্ন বনে অবমুক্ত করা হবে।
এর আগে, একসঙ্গে ১৩৭টি বিষধর ও নির্বিষ সাপ কোথায় অবমুক্ত করা হবে, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে হবিগঞ্জ বন বিভাগ।
জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সকালে জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা সদস্য রবি কাস্তা জেলার বিভিন্ন উপজেলার ঘরবাড়ি ও লোকালয় থেকে সাপগুলো উদ্ধার করেন। পরে তিনি সাপগুলো হবিগঞ্জ বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। সেখান থেকে সাপগুলো রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করার জন্য নিয়ে যাওয়া হয়।
তবে পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে রেমা-কালেঙ্গায় সাপগুলো অবমুক্ত না করে হবিগঞ্জ বন বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম