ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, এমন প্রশ্নে তা অস্বীকার করেন ডিবির এই কর্মকর্তা। তিনি জানান, রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে আনা হয়নি।
তবে ডিবি সূত্রে জানা গেছে, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেতে পারেন রাজিব ঘোষ।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়ে যায় ডিবি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম