চুয়াডাঙ্গার দামুড়হুদায় পূর্বশত্রুতার জেরে ঘুমন্ত ছোট ভাইয়ের গলায় ধারালো হাসুয়া দিয়ে কোপ দেওয়ার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তারিনীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান আলী (২৭) তারিনীপুর মাঠপাড়ার মো. ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে তিনি মেহেরপুর সদর থানার পিরোজপুর ফুলবাগানপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাত ২টার দিকে তারিনীপুর গ্রামের রংমিস্ত্রি হোসেন আলী (২৩) নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে হোসেন আলীর আপন বড় ভাই হাসান আলীর জড়িত থাকার বিষয়টি সামনে আসে। পরে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান আলী পূর্বশত্রুতার জেরে ছোট ভাই হোসেন আলীকে ধারালো হাসুয়া দিয়ে গলায় আঘাত করে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন। ঘটনার পর তিনি পালিয়ে মেহেরপুরে চলে যান বলেও জানান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম